আইপিএলকে আরও বর্ণীল এবং জাঁকজমক করে তুলতে প্রচলিত ক্রিকেট টুর্নামেন্টের চেয়ে কিছুটা আলাদা করে আয়োজন করা হয় এই টুর্নামেন্ট। আইপিএলের আলাদা কিছু সংস্কৃতি এবং নিয়ম আছে যেটা সময় বাড়ার সঙ্গে সঙ্গে টুর্নামেন্টের একটি ঐতিহ্যে পরিণত হয়েছে। আইপিএলের এমনই এক ঐতিহ্য পার্পল ক্যাপ। আইপিএল চলাকালে আসরের সর্বোচ্চ উইকেট শিকারি বেগুনী রঙের একটি ক্যাপ পরে খেলেন।
প্রথম ম্যাচে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৪ উইকেট নিয়ে বাজিমাত করেছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। তাই দ্বিতীয় ম্যাচে পার্পল ক্যাপ মাথায় নিয়ে মাঠে নামার সৌভাগ্য হয়েছে এই ক্রিকেটারের। ঐতিহ্যবাহী এই ক্যাপ মাথায় নিয়ে খেলার পর অনুভূতির কথা জানিয়েছেন তারকা পেসার।
আইপিএলে পার্পল ক্যাপ পরে খেলার অনুভূতি নিয়ে শুক্রবার (২৯ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন মুস্তাফিজ। তিনি লিখেছেন, 'পার্পল ক্যাপ পরে খেলতে সত্যিই দারুণ লাগে। সতীর্থ ও ভক্তদের ভালোবাসায় আমি অভিভূত। এটা একটা বিশেষ অনুভূতি যা আমি ভাষায় প্রকাশ করতে পারব না। এটা লম্বা সময় নিজের কাছে ধরে রাখবো। আপনাদের সমর্থন ও ভালবাসার জন্য ধন্যবাদ, চির কৃতজ্ঞ।'
এবারের আইপিএলে প্রথমবারের মতো চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন মুস্তাফিজ। প্রথম ম্যাচেই চমকে দিয়েছেন এই পেসার। রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ২৯ রানে ৪ উইকেট নিয়ে জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। দ্বিতীয় ম্যাচেও দারুণ বোলিং করেছেন তিনি। ৪ ওভার হাত ঘুরিয়ে ৩০ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট।
আইপিএলের সব দলের একটি করে ম্যাচ খেলা হয়ে গিয়েছে। অধিকাংশ দলই খেলেছে দুইটি করে ম্যাচ। আসরে এই পর্যন্ত উইকেট শিকারের দিক থেকে সবচেয়ে এগিয়ে আছেন মুস্তাফিজ। ৬ উইকেট নেয়া এই পেসারের গড় ৯.৮৩। ধরে রেখেছেন পার্পল ক্যাপ। বিশেষ ক্যাপের লড়াইয়ে তার পরে আছেন কলকাতার হারশিথ রানা। ৪টি উইকেট নিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের এই পেসার। ৩টি করে উইকেট আছে দশের অধিক বোলারের।

0 Comments